আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ । ফাইল ছবি
অনলাইনডেস্ক: সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আজ সোমবার (১ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও তাঁর পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৮২ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৮ সেপ্টেম্বর তাঁকে গুরুতর অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন। উল্লেখ্য, হাসপাতালে ভর্তির ওই দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যুর একটি গুজব ছড়িয়ে পড়েছিল। অবশ্য পরবর্তীতে দায়িত্বরত চিকিৎসকরা বিষয়টি নাকচ করে সঠিক তথ্য নিশ্চিত করেছিলেন।
১৯৪৩ সালে জন্ম নেওয়া তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম শীর্ষ ও প্রভাবশালী এক ব্যক্তিত্ব। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মহানায়ক হিসেবে তিনি দেশজুড়ে পরিচিত এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি অনন্য উচ্চতায় পৌঁছান। শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সহচর হিসেবে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেন। তাঁর এই মহাপ্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।