নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটির নেতাদের ‘গুপ্ত জামায়াত’ বলে তীব্র সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হারুনুর রশিদ। গত শনিবার (৩০ মে) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তবে তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা ও পাল্টা ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।
অনুষ্ঠানে হারুনুর রশিদ দাবি করেন, বর্তমানে জেলা বিএনপির দায়িত্বে যারা আছেন তারা সবাই ‘গুপ্ত জামায়াত’। গত নির্বাচনে দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও এই নেতারাই রাস্তা ও রেলপথ অবরোধ করে মশাল মিছিল করেছে এবং কেউ বিএনপির ভোট করেনি অভিযোগ তুলে তিনি দলীয় চেয়ারম্যানের কাছে তদন্তের দাবি জানান। মুঠোফোনে যোগাযোগ করা হলে হারুন বলেন, “আমি যা বক্তব্য দিয়েছি তাই আমার মন্তব্য।”
এই বক্তব্যের জবাবে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম ওরফে রফিক চাইনিজ বলেন, “হারুন সাহেব যেটা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত কথা।” তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ২০২১ সালে তারেক রহমানের দেওয়া এই কমিটি প্রকাশ্যে সব আন্দোলন-সংগ্রাম করেছে। উল্টো হারুনকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে তিনি বলেন, সংসদে শেখ হাসিনার গুণকীর্তন করার কারণেই সাধারণ ভোটাররা হারুনকে প্রত্যাখ্যান করেছে এবং তিনি ৬৪ হাজার ভোটে ফেল করেছেন।
অন্যদিকে জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান বলেন, জেলা বিএনপি কখনোই গুপ্ত সংগঠন করে না। উল্টো হারুনুর রশিদ নিজেই অতীতে গুপ্ত আওয়ামী লীগ ও গুপ্ত জামায়াতের সঙ্গে আঁতাত করে বিভিন্ন পদে প্রার্থী দিয়েছিলেন এবং নিজের মামাকে মেয়র বানিয়েছিলেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ পূর্বের তিন এমপি প্রার্থীকে বর্জন করেছে উল্লেখ করে তিনি তাদের স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের আহ্বান জানান।