বিএনপি নেতার মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
বিএনপি নেতার মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে সজিব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল আলিমের মুক্তির দাবিতে মানিকগঞ্জ সদর থানার সামনে বিক্ষোভ করেছেন দক্ষিণ বালিয়াবিল গ্রামের শতাধিক বাসিন্দা। আজ সোমবার (১ জুন) সকাল ৭টা থেকে শতাধিক নারী-পুরুষ থানার সামনে জড়ো হয়ে আলিমের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দুপুরের দিকে কোনো সুরাহা না পেয়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা থানা এলাকা ত্যাগ করেন। গ্রেপ্তার আব্দুল আলিম পুটাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

বিক্ষোভকারীদের দাবি, আলিম মেম্বার সম্পূর্ণ নির্দোষ এবং তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। তাঁরা অবিলম্বে আলিমের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। হামিদ নামের স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, “আমাদের এলাকার সাবেক মেম্বার আলিম ভাইকে বিনা অপরাধে পুলিশ ধইরা আনছে। ফজলু, উজ্জল, জসিম মেম্বার এই খুনের সঙ্গে জড়িত। তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আলিম মেম্বারকে ফাঁসিয়েছে।” আশিক আহাম্মেদ নামে আরেক বিক্ষোভকারী জানান, যাচাই-বাছাই না করেই আলিম মেম্বারকে গ্রেপ্তার করায় তাঁরা এই কর্মসূচি পালন করেছেন।

এদিকে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির মুখপাত্র আ.ফ.ম নূরতাজ আলম বাহার বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আব্দুল আলিমের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে তদন্তে যদি তাঁর সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সজীবের পরিবারের পক্ষ থেকে দায়ের করা একটি হত্যা মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় সন্দেহভাজন হিসেবে সাবেক ইউপি সদস্য আলিমকে আজ সোমবার ভোরে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আলিম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। এটি কোনো থানা ঘেরাও কর্মসূচি ছিল না, বরং স্থানীয়রা তাঁর মুক্তির দাবিতে থানার সামনে এসে কিছুক্ষণ অবস্থান ও স্লোগান দিয়ে চলে যান। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে মানিকগঞ্জের উত্তর পুটাইল এলাকায় লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন সজিব। অভিযোগ রয়েছে, রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সজিবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তাঁর নির্মম মৃত্যু হয়।

মন্তব্য করুন