অনলাইন ডেস্ক: বাংলাদেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের অভ্যন্তরীণ চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ভবিষ্যতে বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্য রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে দুধ উৎপাদনের সামগ্রিক পরিধি বাড়াতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বস্ত করেন তিনি।
আজ সোমবার (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বিশ্ব দুগ্ধ দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারী: উন্নয়নের অগ্রযাত্রা’।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, দুগ্ধ খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও বেশি ত্বরান্বিত করবে। নারীরা স্বাবলম্বী ও শক্তিশালী হলে দেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে। বর্তমানে দুগ্ধ খামারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের এই সক্রিয় ও যুগোপযোগী অংশগ্রহণ বর্তমান সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক একটি দিক বলে তিনি মন্তব্য করেন।