ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনা হয়নি

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ণ
ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনা হয়নি

ট্রাম্পের দাবি প্রত্যাখান করেছে ইরান। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরান পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়ে সম্মত হয়েছে বলে সম্প্রতি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সেই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে এই সংক্রান্ত কোনো কথাই তাদের হয়নি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা চলছে না; বরং তারা এই মুহূর্তে চলমান যুদ্ধের একটি স্থায়ী সমাধান চায়।

আজ সোমবার (১ জুন) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, “ইরান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচির খুঁটিনাটি বিষয় নিয়ে কোনো আলোচনা করছে না। পারমাণবিক বিষয় নিয়ে কখন এবং কী পদক্ষেপ নিতে হবে, তা আমাদের জানা আছে। এই ইস্যুর বিস্তারিত নিয়ে কোনো কথা হয়নি। বর্তমানে আমাদের প্রধান ও একমাত্র অগ্রাধিকার হলো চলমান যুদ্ধের অবসান ঘটানো।”

ইসমাইল বাঘেই উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে বলেন, “যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এমনকি আজ সকালেও তারা এটি করেছে। ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে আমরা প্রয়োজন মনে করলে যেকোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করব।” তবে এই পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।

এদিকে আজ সোমবার মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের গোর্ক শহর এবং কাসেম আইল্যান্ডে অবস্থিত রাডার ও ড্রোন স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে। ওয়াশিংটন এই হামলাকে তাদের ‘আত্মরক্ষামূলক অভিযান’ হিসেবে অভিহিত করেছে।

বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা অব্যাহত থাকলেও, তেহরান পরিষ্কার করে দিল যে তাদের বর্তমান লক্ষ্য পারমাণবিক আলোচনা নয়, বরং চলমান সামরিক সংঘাতের অবসান ঘটানো।

মন্তব্য করুন