নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকার যানজট পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রধানমন্ত্রী ১০ দফা সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, "ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে যানজট নিরসনের কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।"
প্রধানমন্ত্রীর দেওয়া উল্লেখযোগ্য নির্দেশনার মধ্যে রয়েছে—সড়কে অবৈধ পার্কিং পুরোপুরি বন্ধ করা, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করা, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আধুনিকায়ন এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া বাস থামানো বন্ধ করা। এছাড়া ঢাকার প্রবেশদ্বারগুলোতে বড় বড় ট্রাক ও আন্তঃজেলা বাস যত্রতত্র দাঁড়িয়ে থাকা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন যে, নির্দিষ্ট সময়ের বাইরে ভারী যানবাহন চলাচলে কঠোর নিষেধাজ্ঞা পালন করতে হবে এবং অবৈধ রিকশা ও অটো রিকশার যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে। যানজট নিরসনে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন তিনি। সভায় জানানো হয়, এই পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে যা নিয়মিত তদারকি করবে।