গুটি আম নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে কাঙ্ক্ষিত আমের মৌসুম। শুক্রবার (১৫ মে) সকাল থেকে জেলার বিভিন্ন বাগানে চাষীরা গুটি জাতের আম সংগ্রহ শুরু করেছেন। অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আমের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।
রাজশাহী কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এবার জেলায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৭৮০ কোটি টাকা।
নিরাপদ ও বিষমুক্ত আম নিশ্চিত করতে জেলা প্রশাসন গত রবিবার এক সভার মাধ্যমে আম সংগ্রহের নির্দিষ্ট সময়সূচি বা 'ম্যাংগো ক্যালেন্ডার' ঘোষণা করেছে। সূচি অনুযায়ী আম নামানোর তারিখগুলো হলো:
২২ মে গোপালভোগ। ২৫ মে রানীপছন্দ ও লক্ষণভোগ। ৩০ মে হিমসাগর বা খিরসাপাত। ১০ জুন ল্যাংড়া ও বানানা ম্যাংগো। ১৫ জুন আম্রপালি ও ফজলি। ৫ জুলাই বারি আম-৪। ১০ জুলাই আশ্বিনা। ১৫ জুলাই গৌড়মতি। সারা বছর কাটিমন ও বারি আম-১১।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম গাছ থেকে নামিয়ে বাজারজাত করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের জন্য নিরাপদ আম নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
এদিকে আম গবেষক মাহবুব সিদ্দিকী জানান, বাজারে বর্তমানে সাতক্ষীরার যে গোপালভোগ আম পাওয়া যাচ্ছে তা পুরোপুরি পরিপক্ব নয়। এসব আম কার্বাইড দিয়ে পাকানো হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তবে রাজশাহীর সুস্বাদু জাতের আমগুলো ২০ মে’র পর থেকে পুরোদমে বাজারে আসতে শুরু করবে।
জান্নাত/সকালবেলা