নিখোঁজের ১০ দিন পর পুকুরপাড়ে মিলল মা-মেয়ের লাশ

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
নিখোঁজের ১০ দিন পর পুকুরপাড়ে মিলল মা-মেয়ের লাশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিতে পুঁতে রাখা মা ও মেয়ের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের জ্যোতিন বোদ্যিরপাড়া এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—উপজেলার দৌলতদিয়া পরশউল্লাহ পাড়া এলাকার আমজাদ শেখের স্ত্রী জাহানারা আক্তার (৩২) ও তাঁদের চার বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মে চর দৌলতদিয়া হাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে গিয়ে জাহানারা ও তাঁর মেয়ে নিখোঁজ হন। দীর্ঘ ১০ দিন পর বৃহস্পতিবার দুপুরে জ্যোতিন বোদ্যিরপাড়ার কালিতলা গ্রামে একটি পুকুরপাড় থেকে দুর্গন্ধ পেয়ে কৃষকরা এগিয়ে যান। সেখানে মাটির নিচ থেকে মানুষের একটি পা বের হয়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে প্রথমে শিশু এবং পরে মায়ের লাশ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) রাশিদুল ইসলাম জানান, ঘটনাস্থলটি ফরিদপুরের কোতোয়ালি থানার সীমানায় হওয়ায় পরবর্তী আইনি ব্যবস্থা তারাই গ্রহণ করছে।

নিহতের স্বামী আমজাদ শেখ এর আগে থানায় মৌখিক অভিযোগ করেছিলেন যে, তাঁর স্ত্রী টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে গেছেন। অন্যদিকে, জাহানারার বাবার অভিযোগ ছিল যে, জামাই তাঁর মেয়েকে মারধর করে কোথাও লুকিয়ে রেখেছে। নিখোঁজ রহস্য ও এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন