সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ: দগ্ধ শ্রমিকের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ: দগ্ধ শ্রমিকের মৃত্যু

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের খাবার ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শংকর (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত বুধবার (১৩ মে) দুপুরে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ওই বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে শ্রমিকরা দুপুরের খাবার সংগ্রহ করতে জড়ো হন। এসময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্যান্টিনে থাকা ১২ জন শ্রমিক গুরুতর দগ্ধ হন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত শ্রমিক শংকরের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল। দগ্ধ ১২ জনের মধ্যে আশঙ্কামুক্ত হওয়ায় ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে আরও ৫ জন শ্রমিক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিস্ফোরণের ওই ঘটনায় দগ্ধ হয়েছিলেন— মো. মনির হোসেন (৪৫), আল আমিন (৪২), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩২), রাজিমুল (৩৮), আমির (২৫), শংকর (২৬), কাউসার (৩২), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩৫), সুপ্রভাত ঘোষ (৪২) এবং বদরুল হায়দার (৫০)। এর মধ্যে শংকর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন