মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ণ
মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট পৌরসভায় পারিবারিক কলহের জেরে মামাতো ভাই আলী আব্দুল্লাহর (২৩) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মার শেখ (১৯) নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের বাসাবাটি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আম্মার শেখ ওই এলাকার তাসলিম মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে সাহাপাড়া এলাকার বাসিন্দা আলী আব্দুল্লাহ তাঁর ফুফুর বাড়ি বাসাবাটিতে বেড়াতে আসেন। রাতের খাবার শেষে আম্মার ও আব্দুল্লাহ বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। সেখানে আম্মারের মায়ের কাছ থেকে টাকা নেওয়া ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাত ১টার দিকে আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে আম্মারের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন।

আম্মারের মা মাহফুজা বেগমের চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত রক্তাক্ত অবস্থায় আম্মারকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই নিহতের স্বজনরা ঘাতক আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন