ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা

আহমেদ লিওন, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুর রহমান মিঠু শিকদার ও তাঁর ছোট ভাই রাজু শিকদার আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ মে) রাত পৌনে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিঠু শিকদার কাপুড়িয়া সদরদী এলাকায় একটি দোকানের সামনে দাঁড়ালে পূর্ব বিরোধের জেরে স্থানীয় সোহান মুন্সী ও শহিদুল মুন্সী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে মিঠুর মাথা ফেটে যায় এবং ঘাড়ে কোপ লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পুনরায় হামলার শিকার হন তাঁরা। এসময় রাজু শিকদারকেও মারধর করে আহত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মিঠু শিকদারের পাঁজরের হাড় ভেঙে গেছে।

এলাকাবাসী জানায়, সম্প্রতি অভিযুক্ত সোহান মুন্সী ও শোয়েব মোল্লার বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে মিঠু শিকদার একটি পোস্ট দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিশ্চিত করেছে। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন