সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে জাহানারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে তালশহর ইউনিয়নের অষ্টগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এটি সাধারণ দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। নিহত জাহানারা আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের মৃত এলেম খাঁর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, জাহানারা বেগম চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে এক আত্মীয়ের বাসায় ছিলেন। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে ফেরার পথে অষ্টগ্রাম এলাকায় তিনি গাড়ি থেকে পড়ে যান। প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ সদস্য কামাল হোসেন জানান, ঘটনার পরপরই সিএনজিটি দ্রুত পালিয়ে যায়, যা অত্যন্ত সন্দেহজনক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ইমন মিয়ার দাবি, তাঁর মাকে পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তিনি জানান, তাঁর মা সাধারণত ওই পথে যাতায়াত করেন না। কেন তিনি অপরিচিত পথে গেলেন এবং কেনই বা চালক পালিয়ে গেল—এই প্রশ্ন তুলে তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা বলেন, "সিসিটিভি ফুটেজে একটি সিএনজিকে দ্রুত চলে যেতে দেখা গেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।" বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা