আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইরানকে আহ্বান জানিয়েছে চীন। সম্প্রতি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই দাবি তোলা হয়।
চীন ইরানের দীর্ঘদিনের মিত্র এবং দেশটির জ্বালানি তেলের অন্যতম বড় ক্রেতা হওয়া সত্ত্বেও, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এই জরুরি পদক্ষেপ নিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উল্লেখ করেন যে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্রতর হচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি ইরানকে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ যুদ্ধবিরতিতে যেতে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই আন্তর্জাতিক জলপথটি উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ জানান।
উল্লেখ্য, পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী এই ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এই প্রণালিতে অবরোধ জারি করে, যার ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ে। চীনের এই আহ্বানের প্রেক্ষিতে ইরান যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।