রাজনগরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পর রমজান আলী হৃদয় (২৫) নামে এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার ভাড়াউড়া নামক স্থানে রেললাইনের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রমজান আলী হৃদয় রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের কবির মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত দুই-তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।
বৃহস্পতিবার বিকেলে ভাড়াউড়া এলাকায় রেললাইনের পাশে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে হৃদয়ের পরিবারের সদস্য এবং পাঁচগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমেদ রাসেল ঘটনাস্থলে গিয়ে লাশটি হৃদয়ের বলে শনাক্ত করেন। পরিশ্রমী ও শান্ত স্বভাবের এই যুবকের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হৃদয়ের মৃত্যুটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
এ.আই.এল/সকালবেলা
|