ময়মনসিংহ ব্যুরো: রেলওয়ের বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে এবং যাত্রীসেবার মানোন্নয়নে আরও অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সিটি করপোরেশনের শহীদ শাহাবউদ্দিন হলরুমে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রেলের লাইন ও সিস্টেম ব্যবহার করে বেসরকারি ব্যবস্থাপনায় লোকোমোটিভ ও কোচ পরিচালনার বিষয়ে সরকার গুরুত্বের সাথে চিন্তাভাবনা করছে। তিনি বলেন, বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করা গেলে ইঞ্জিন ও কোচ আমদানির দীর্ঘসূত্রতা কমিয়ে আনা সম্ভব হবে। বর্তমানে রেলের লোকোমোটিভ ও কোচের তীব্র স্বল্পতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে বর্তমান সরকারের দায়বদ্ধতা রয়েছে এবং এই সক্ষমতার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
ময়মনসিংহের রেল যোগাযোগ আধুনিকায়নে সরকারের বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন হাবিবুর রশিদ। এর মধ্যে রয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটসহ সারাদেশে ডুয়েলগেজ ডাবল লাইন স্থাপন, ঢাকার সাথে নতুন আন্তঃনগর ট্রেন চালু এবং ময়মনসিংহ স্টেশনের আধুনিকায়ন। এছাড়াও যানজট নিরসনে লেভেল ক্রসিংগুলোর উন্নয়ন এবং বন্ধ থাকা লোকাল ট্রেনগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে উক্ত সভায় স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও জাকির হোসেন বাবলুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে প্রতিমন্ত্রী সিটি করপোরেশনের উদ্যোগে ২৯১টি বস্তির ৬ হাজার ৯৪৩টি পরিবারের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করেন।
এ.আই.এল/সকালবেলা