মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটে ৬ হাজার ৬৪৬ জন কৃষকের ৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৯৩ টাকার কৃষিঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছে সরকার। একইসঙ্গে জেলার কৃষি ও পরিবেশের উন্নয়নে ২৫টি খালে খনন কাজ এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের নির্বাচনী ইশতেহারের সুফল বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় সংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, কৃষকদের সুবিধার্থে জেলার ২৫টি খালে মোট ৪৮ দশমিক ৫৫ কিলোমিটার খনন কাজ এবং ৩৮ হাজার ৩০০টি গাছ রোপণ করা হবে।
সভায় সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়। জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিরলস কাজ করছে।
জেলা প্রশাসক আরও আশ্বস্ত করেন যে, ফ্যামিলি কার্ড ও ঋণ মওকুফের মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলো যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর নজরদারি রাখবে। এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ.আই.এল/সকালবেলা