স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১৪ মে) সেখানে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাসুদ সাঈদী। এ সময় তিনি অসুস্থ মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
ব্যবসায়িক সফরে মালয়েশিয়া অবস্থানকালে মাসুদ সাঈদী এই সৌজন্য সাক্ষাতে যান। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত বুধবার (১৩ মে) রাতে পাঁচ দিনের সফরে তিনি মালয়েশিয়া পৌঁছান। আলহামদুলিল্লাহ, মির্জা আব্বাস বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। উল্লেখ্য যে, গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে তাঁকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছিল।
ফেসবুক পোস্টে মাসুদ সাঈদী তাঁদের দীর্ঘদিনের হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, মির্জা আব্বাস কেবল তাঁদের প্রতিবেশীই নন, বরং একজন ঘনিষ্ঠ আত্মীয়ও বটে। শৈশব থেকেই তিনি মির্জা আব্বাসকে চেনেন এবং মিশেছেন। তিনি যখন মন্ত্রী বা মেয়র ছিলেন না, তখন থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। মির্জা আব্বাস তাঁকে অত্যন্ত স্নেহ করেন বলেও তিনি জানান।
এ.আই.এল/সকালবেলা