মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিদেশফেরত সুতা ব্যবসায়ী নজরুল ইসলামকে (৫০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বুধবার (১৩ মে) দিবাগত রাতের প্রথম দিকে উপজেলার মোগরাপাড়া ইউপির মুক্তিসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের গাজী মিয়ার ছেলে এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সুতা ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্ত্রী শাহনাজ বেগমের ভাষ্যমতে, ঘটনার রাতে ৬-৭ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত তাঁদের বাড়িতে হানা দেয়। দরজা খোলা মাত্রই দুর্বৃত্তরা গৃহবধূ শাহনাজ ও তাঁর স্বামীকে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে। তারা আলমারির চাবি ছিনিয়ে নিয়ে নগদ ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে। যাওয়ার সময় নজরুল ইসলাম হামলাকারীদের চিনে ফেলায় তাঁকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উজ্জ্বল লেবুছড়া গ্রামের হাসেমের ছেলে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে, তবে প্রাথমিকভাবে সেখানে ডাকাতির সুনির্দিষ্ট কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি বলে জানান ওসি।
এ.আই.এল/সকালবেলা