ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ণ
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ওয়েস স্ট্রিটিং। 

বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পত্রের মাধ্যমে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে তিনি এই পদ ছেড়েছেন।

নিজের পত্রে স্ট্রিটিং স্পষ্টভাবে উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর তাঁর আর কোনো আস্থা নেই। তিনি আরও বলেন, এই অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারের অংশ হয়ে থাকাটা হবে নীতিহীন এবং সম্মানহানিকর একটি কাজ।

স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পদত্যাগ যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে। কিয়ার স্টারমার প্রশাসনের জন্য এটি একটি ভয়াবহ ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিপূর্বেই পদত্যাগ করা চারজন জুনিয়র মন্ত্রী প্রধানমন্ত্রীকে পদ ছাড়ার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি প্রধানমন্ত্রীর পদত্যাগ অথবা তাঁর সরে যাওয়ার চূড়ান্ত সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন। একের পর এক পদত্যাগ ও অভ্যন্তরীণ চাপের ফলে স্টারমার সরকারের সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন