পূর্ণাঙ্গ হাসপাতাল নেই: ভোগান্তিতে লাখো মানুষ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
পূর্ণাঙ্গ হাসপাতাল নেই: ভোগান্তিতে লাখো মানুষ

তাহসিন মেহেরাব শাওন, ঈদগাঁও (কক্সবাজার): নতুন উপজেলা হিসেবে প্রশাসনিকভাবে এগিয়ে গেলেও স্বাস্থ্যসেবায় এখনো পিছিয়ে রয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখানে কোনো পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল গড়ে না ওঠায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার লাখো মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, আশপাশের বিভিন্ন উপজেলায় ৫০ থেকে ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মিত হলেও জনবহুল ঈদগাঁও উপজেলা উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বর্তমানে জরুরি রোগী, গর্ভবতী নারী ও বয়স্ক ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রায় ৩৪ কিলোমিটার দূরে কক্সবাজার সদর হাসপাতালে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি রোগীদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে গভীর রাতে জরুরি রোগী নিয়ে যাতায়াত করতে গিয়ে চরম সংকটে পড়তে হচ্ছে সাধারণ পরিবারগুলোকে।

উপজেলা ঘোষণার পরও হাসপাতাল স্থাপনে দৃশ্যমান উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের মাঝে হতাশা বাড়ছে। এ বিষয়ে ঈদগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, “দ্রুত ঈদগাঁও উপজেলায় একটি আধুনিক হাসপাতাল স্থাপন এখন সময়ের দাবি। প্রতিদিন হাজারো মানুষকে কক্সবাজারে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টসাধ্য”।

স্থানীয় সচেতন মহলের মতে, ঈদগাঁওতে একটি ৫০ বা ১০০ শয্যার আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠিত হলে শুধু এই উপজেলার মানুষই নয়, আশপাশের এলাকার বাসিন্দারাও উন্নত সেবা পাবেন। এলাকাবাসী তাঁদের দীর্ঘদিনের এই ন্যায্য দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন