নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দেয়ালে টাঙানো অফিস চার্টারে শেখ মুজিবুর রহমানের উক্তি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে আকস্মিকভাবে অফিসটি পরিদর্শনে গিয়ে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কলমাকান্দা সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে এলে দেয়ালে একটি চার্টার তাঁর নজরে আসে। সেখানে শেখ মুজিবুর রহমানের একটি উক্তি লেখা ছিল, যেখানে সরকারি কর্মচারীদের জনগণের সেবক ও সন্তান হিসেবে কাজ করার কথা বলা হয়েছে। এই উক্তিটি এখনো কেন অপসারণ করা হয়নি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারকে তলব করেন এবং কৈফিয়ত চান।
এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান জানান, তিনি কলমাকান্দায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং এখানে যোগদান করেছেন মাত্র এক মাস আগে। মাত্র দুই কর্মদিবস অফিস করায় বিষয়টি তাঁর নজরে পড়েনি বলে তিনি দাবি করেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত চার্টারটি পরিবর্তনের প্রতিশ্রুতি দেন।
পরিদর্শন শেষে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "আমি আকস্মিক এই সফরে এসে যা দেখলাম তাতে হতাশ হয়েছি। যারা এ ধরনের বিষয়গুলো এড়িয়ে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।"
এ.আই.এল/সকালবেলা