গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ
গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ডোয়াইবাড়ি এলাকায় একটি নির্জন গজারি বনের পাশে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজাবাড়ী ইউনিয়নের বগারভিটা এলাকায় স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পান।

নিহত আসিফ ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। বুধবার বিকেলে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাত ১১টার পর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ ভোরে বাড়ির অদূরে তাঁর অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং পরে বগারভিটা এলাকায় তাঁর গলাকাটা মরদেহ শনাক্ত করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনাস্থলের পাশ থেকে এক নারীর ওড়না, এক জোড়া জুতা এবং মাথার চুলের ব্যান্ড উদ্ধার করা হয়েছে। এই আলামতগুলো ঘাতক বা ঘটনার সাথে সংশ্লিষ্ট কারও কি না, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তিনি নিশ্চিত করেছেন যে, ধারালো অস্ত্র দিয়ে আসিফের গলা কাটা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া নারীর ব্যবহৃত সামগ্রীগুলো বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন