দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি এখন ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে অনেক বেশি হিসেবি ও সচেতন। ক্যারিয়ারের শুরুতে দ্রুত একের পর এক সিনেমায় অভিনয় করলেও গত দুই বছর ধরে তিনি বেশ বুঝেশুনে কদম বাড়াচ্ছেন।
এক পুত্র ও এক কন্যাসন্তানের ‘সিঙ্গেল মাদার’ হিসেবে পরীমনির দায়িত্ব পালন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। সন্তানদের বড় করার পাশাপাশি নিজের নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘বডি’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিশেষ করে নতুন মায়েদের জন্য ‘মাতৃত্বকালীন পোশাক’ নিয়ে তার এই ব্যবসায়িক উদ্যোগ নেটিজেনদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
অভিনয়ের ক্ষেত্রেও সংখ্যা নয়, মানের দিকে গুরুত্ব দিচ্ছেন এই নায়িকা। পরীমনি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। নতুন কাজের প্রস্তাব থাকলেও হুটহাট কোনো প্রজেক্টে যুক্ত হচ্ছেন না তিনি।
নিজের এই পরিবর্তন নিয়ে পরীমনি বলেন, “এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি পরিণত মনে করি। তাই সব ধরনের কাজ করার প্রশ্নই আসে না। বছরে কাজের মতো একটি কাজই যথেষ্ট। আমি এখন ভিন্নধর্মী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই।”
পরিণত এই অভিনেত্রী এখন তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা এবং মনের মতো সৃজনশীল কাজে যুক্ত হওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন।