নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিতর্কের অবসান ঘটিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে, তারেক রহমান অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
ড. আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং সেখানে মাস দুয়েক ক্লাসও করেছিলেন। আইন বিভাগের সিনিয়র ছাত্র হিসেবে বিষয়টি আসিফ নজরুল ব্যক্তিগতভাবে জানতেন বলেও দাবি করেন।
তারেক রহমানের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আসিফ নজরুল জানান, বর্তমান প্রধানমন্ত্রীর সহপাঠীদের মধ্যে দেশের অনেক পরিচিত মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান। আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব।
কেন তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি, সে বিষয়ে আসিফ নজরুল লেখেন, তৎকালীন এরশাদ সরকারের আমলে নিরাপত্তা ঝুঁকির কারণে সম্ভবত তারেক রহমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায়। উল্লেখ্য যে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে এরশাদের সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় সেই সময়ে তারেক রহমানের জন্য বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা ঝুঁকিপূর্ণ ছিল বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর ঢাবি সফরকে কেন্দ্র করে তার ছাত্রত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠলে বিষয়টি পরিষ্কার করেন ড. আসিফ নজরুল।