ইরানে হামলা চালাতে ইরাকে গোপন ঘাঁটি তৈরি করে ইসরায়েল

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ণ
ইরানে হামলা চালাতে ইরাকে গোপন ঘাঁটি তৈরি করে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানোর সুবিধার্থে ইরাকের অভ্যন্তরে গোপন একটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। ইরাকের প্রত্যন্ত মরুভূমিতে এই ঘাঁটি স্থাপন করে সেখান থেকে লজিস্টিক ও উদ্ধার অভিযানের কাজ পরিচালনা করা হয়।

শনিবার (৯ মে) মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

একাধিক মার্কিন কর্মকর্তা ও সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে বড় ধরনের বিমান হামলা চালানোর আগেই এই ঘাঁটিটি নির্মাণ করা হয়। এটি মূলত ইসরায়েলি বিমানবাহিনীর (IAF) জন্য একটি লজিস্টিক হাব হিসেবে কাজ করেছে। এছাড়া সেখানে ইসরায়েলের স্পেশাল ফোর্সের সদস্য এবং বিশেষ উদ্ধারকারী দল অবস্থান নিয়েছিল। তাদের প্রধান কাজ ছিল কোনো ইসরায়েলি বিমান ভূপাতিত হলে দ্রুত পাইলটদের উদ্ধার করা।

মার্চের শুরুতে ইরাকি সৈন্যরা মরুভূমিতে টহল দেওয়ার সময় দুর্ঘটনাক্রমে এই ঘাঁটির খুব কাছে চলে আসে। তাদের ঠেকাতে ইসরায়েলি বিমানবাহিনী ইরাকি সৈন্যদের ওপর হামলা চালায়। ইরাকি সংবাদমাধ্যমের তথ্যমতে, ওই হামলায় অন্তত একজন ইরাকি সৈন্য নিহত হন। তবে সেই সময় ইরাক সরকার এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বিবৃতি দিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকার এক মেষপালক মরুভূমিতে হেলিকপ্টার ওঠানামা এবং অস্বাভাবিক গোলাগুলির শব্দ শুনতে পেয়ে ইরাকি বাহিনীকে অবহিত করেন। ইরাকি সেনারা তদন্তে নামলে ইসরায়েল তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে সরিয়ে দেয়। মার্কিন সূত্রগুলো জানিয়েছে, এই ঘাঁটির বিষয়ে ওয়াশিংটন আগে থেকেই অবগত থাকলেও তারা এই অভিযানের সাথে সরাসরি জড়িত ছিল না।

সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরাকের পশ্চিমাঞ্চলীয় বিশাল মরুভূমি গোপন ঘাঁটি তৈরির জন্য একটি আদর্শ স্থান। জনবিরল এই অঞ্চলে নজরদারি এড়িয়ে সামরিক অবকাঠামো তৈরি করা সহজ। উল্লেখ্য যে, গত ৫ সপ্তাহ ধরে চলা ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে এই ধরনের গোপন তৎপরতার তথ্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন