ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। আজ রবিবার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ উল্লেখ করেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রক্টরিয়াল দায়িত্ব ছাড়লেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিজের নিয়মিত অধ্যাপনা চালিয়ে যাবেন।
গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকে সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য তিনি সহকারী প্রক্টরবৃন্দ, প্রক্টর অফিসের কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, সাংবাদিক এবং শিক্ষার্থীদের বিশেষ ধন্যবাদ জানান।
একই সঙ্গে উপাচার্যের দিকনির্দেশনা ও সহযোগিতার কথা স্মরণ করে তিনি জানান, ভবিষ্যতেও শিক্ষক হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। তিনি বর্তমানে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
জান্নাত/সকালবেলা