নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের অংশ হিসেবে সাবেক তিন প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্যসহ সাতজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১০ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক সাতটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী যাঁদের আয়কর নথি জব্দ করা হবে তাঁরা হলেন—
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল।
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরী।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর।
সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রী জিনাত পারভীন চৌধুরী।
দুদকের পক্ষ থেকে দাখিলকৃত আবেদনে বলা হয়েছে, এই ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং তাঁদের অর্জিত সম্পদের প্রকৃত উৎস যাচাইয়ের স্বার্থে সংশ্লিষ্ট সকল আয়কর রিটার্ন ও রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
আদালত সূত্র নিশ্চিত করেছে যে, দুদকের অনুসন্ধান ও তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই এই নথি জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও একই ধরনের আদেশ দেওয়া হয়েছিল।