হজের সময় মিনায় ট্রলি ব্যাগ ও অতিরিক্ত লাগেজ বহন নিষিদ্ধ

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ
হজের সময় মিনায় ট্রলি ব্যাগ ও অতিরিক্ত লাগেজ বহন নিষিদ্ধ

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালনের সময় মিনায় হজযাত্রীদের ট্রলি ব্যাগ ও অতিরিক্ত লাগেজ বহনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। মিনার তাঁবুগুলোতে জায়গা স্বল্পতা দূর করা এবং জনাকীর্ণ স্থানে ভিড় সামলাতে প্রত্যেকের জন্য কেবল একটি ব্যাগ বহনের নিয়ম কার্যকর করা হয়েছে।

গত ৬ মে মক্কায় অবস্থিত হজ মিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, মিনায় যাওয়ার সময় কোনো হজযাত্রী ট্রলি ব্যাগ বা হ্যান্ড-ক্যারি ব্যাগ সঙ্গে নিতে পারবেন না। প্রত্যেক হজযাত্রীর জন্য কেবল একটি ব্যাগ বরাদ্দ করা হয়েছে এবং এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা হজযাত্রীদের এই বিষয়ে দ্রুত বিস্তারিত ব্রিফ করেন। মিনায় যাত্রার আগেই অতিরিক্ত মালামাল ও ট্রলি ব্যাগ নির্ধারিত স্থানে রেখে যেতে হবে। মূলত মিনায় লাখ লাখ মানুষের অবস্থান এবং যাতায়াতের পথ নির্বিঘ্ন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত লাগেজ ক্যাম্পের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। হজের গুরুত্বপূর্ণ এই ধাপে শৃঙ্খলা বজায় রাখতেই এই ‘এক ব্যাগ’ নীতি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন