রিজওয়ানের আউটের পরই বৃষ্টির বাগড়া

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ণ
রিজওয়ানের আউটের পরই বৃষ্টির বাগড়া

মিরপুর টেস্টের তৃতীয় দিনে মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পরপরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেছে। ৮৯.৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৯ রান। খেলা বন্ধ থাকায় নির্ধারিত সময়ের আগেই চা-বিরতি ঘোষণা করেছেন আম্পায়াররা। বাংলাদেশ থেকে সফরকারীরা এখনও ৬৪ রানে পিছিয়ে আছে।

ইনিংসের ৯০তম ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করা মোহাম্মদ রিজওয়ানকে (৫৯) সাজঘরে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের বল উড়িয়ে মারতে গিয়ে মাহমুদুল হাসান জয়ের তালুবন্দি হন তিনি। এর মাধ্যমে ভাঙে ১৫৭ বল স্থায়ী ১১৯ রানের জমাট জুটি। এর আগে ২৩০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে টেনে তোলেন সালমান আলী আঘা ও রিজওয়ান। সালমান আলী আঘা ৭৮ বলে ক্যারিয়ারের ১১তম টেস্ট ফিফটি পূর্ণ করে অপরাজিত আছেন।

দিনের প্রথম সেশনে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। মাত্র ২৫ ওভারে ৭২ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন তারা।

দিনের শুরুতে সেঞ্চুরিয়ান আজান আওয়াইসকে (১০৪) আউট করে টেস্ট ক্রিকেটে নিজের ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাসকিন আহমেদ। এরপর দ্রুতই পাক অধিনায়ক শান মাসুদকেও (৯) বিদায় করেন তিনি।মেহেদী হাসান মিরাজ পরপর তুলে নেন সৌদ শাকিল (০) ও আব্দুল্লাহ ফজলকে। এতে মধ্যাহ্নভোজের বিরতির আগেই চাপে পড়ে যায় পাকিস্তান।

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ৭১ ও তাসকিনের ২৮ রানের ঝোড়ো ক্যামিওতে ৪১৩ রান সংগ্রহ করেছিল। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৫ উইকেট শিকার করেন। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ভালো শুরু করলেও তৃতীয় দিনে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ও বৃষ্টির বাগড়ায় ম্যাচটি এখন রোমাঞ্চকর মোড় নিয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন