ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতায় যানজটে নাকাল সৈয়দপুরবাসী

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতায় যানজটে নাকাল সৈয়দপুরবাসী

মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরে ট্রাফিক ব্যবস্থাপনার চরম দুর্বলতা ও অব্যবস্থাপনার কারণে তীব্র যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। শহরের প্রধান সড়ক ও মোড়গুলোতে দিনভর যানজট লেগে থাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শহরের বাসিন্দাদের অভিযোগ, ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করায় যানজট তীব্রতর হচ্ছে। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন— পাঁচমাথা মোড়, মদিনা হোটেল মোড়, নাটোর দইঘর, শহীদ ডাঃ জিকরুল হক সড়ক ও ২নং ঘুমটি এলাকায় যত্রতত্র অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করানো হয়। এছাড়া ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং ব্যস্ততম সময়ে রাস্তায় পণ্য লোড-আনলোড করার ফলে রাস্তাগুলো সরু হয়ে পড়ছে।

যানজটের কারণে প্রতিদিন শত শত কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন অসুস্থ রোগী ও অ্যাম্বুলেন্স চালকরা। স্থানীয় সুশীল সমাজের দাবি, অবিলম্বে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করে সুনির্দিষ্ট লাইসেন্সিং ও রুট নির্ধারণের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।

এ বিষয়ে সৈয়দপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (টিআই) মাহফুজার আলম জানান, ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন এবং কিছু অসাধু ব্যবসায়ীর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। ট্রাফিক পুলিশ বাড়ানো হলেও বর্তমান যানজট নিরসন করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে বলে তিনি মন্তব্য করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন