মোংলায় নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ
মোংলায় নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: মোংলায় কোস্টগার্ড পরিচয়ে মিরাজ শেখ (৩২) নামে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার এক মাস অতিবাহিত হলেও তাঁর কোনো হদিস মেলেনি। নিখোঁজ মিরাজের সন্ধানের দাবিতে মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। মিরাজ শেখ উপজেলার চিলা ইউনিয়নের জয়মনী এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিরাজের বোন লিজা আক্তার দাবি করেন, গত ১০ এপ্রিল সন্ধ্যায় জয়মনী ঠোটার একটি চায়ের দোকান থেকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি নিজেদের কোস্টগার্ড সদস্য পরিচয় দিয়ে মিরাজকে তুলে নিয়ে যায়। মিরাজ পেশায় মোটরসাইকেল চালক ও মৎস্যজীবী। ঘটনার দিন তাঁর মোটরসাইকেলটি দোকানের পাশেই পড়ে ছিল, যা পরে গভীর রাতে কোস্টগার্ডের লোকজন এসে নিয়ে গেছে বলে পরিবারের দাবি। মিরাজের মা তাসলিমা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, "যদি ছেলে অপরাধ করে থাকে, তবে আইনের মাধ্যমে বিচার হোক। কিন্তু আমার ছেলেটা কোথায় আছে, তা অন্তত জানানো হোক।"

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পর কোস্টগার্ডের দিগরাজ বেজে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ আটকের বিষয়টি অস্বীকার করে। মোংলা থানায় কোস্টগার্ডের বিরুদ্ধে অভিযোগ দিতে গেলে পুলিশ তা নিতে অপারগতা জানায়, পরে ২৩ এপ্রিল কারও নাম উল্লেখ না করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি'র মহাসচিব অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, মিরাজের সন্ধানে হাইকোর্টে রিট করা হবে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মাহবুব হোসেন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, কোস্টগার্ডের অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল এই অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে মোংলা থানার এসআই আবু হানিফ কামাল জানান, নিখোঁজ যুবককে খুঁজে বের করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন