রুপম চাকমা, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণিল আয়োজনে বিশিষ্ট বৌদ্ধ ধর্মীয় গুরু, সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্য সংঘের প্রধান ও ভারত-বাংলা ধর্ম প্রচারক শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার ও রোববার (৯-১০ মে) দীঘিনালা বন বিহারে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার প্রথম দিনে দীঘিনালা বন বিহার থেকে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাবুছড়া প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিহারে ফিরে আসে। সন্ধ্যায় শ্রদ্ধেয় নন্দপাল ভান্তের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণে ৮৪ হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। রোববার দ্বিতীয় দিনের কর্মসূচিতে ভোরে বুদ্ধ পতাকা উত্তোলনের পর নন্দপাল ভান্তে কেক কেটে দিবসের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান ও মহাসংঘ দানসহ নানাবিধ ধর্মীয় আচার পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা বন বিহারের আজীবন অধ্যক্ষ শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তে। এছাড়া বিমুক্তিপুর ভাবনা কুঠিরের অধ্যক্ষ প্রিয়ানন্দ মহাস্থবির ভান্তে ও দেব ডাম্মা মহাথেরসহ বিভিন্ন শাখা বিহার থেকে ৮৯ জন বৌদ্ধ ভিক্ষু উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ২নং বোয়ালখালি ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩নং কবাখালি ইউপি চেয়ারম্যান নলেস চাকমা ও বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নন্দপাল ভান্তে দীর্ঘকাল ধরে মানবকল্যাণ ও নৈতিক শিক্ষা প্রচারে অবদান রেখে চলেছেন। তাঁর আদর্শ সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে। পরিশেষে বিশ্ব শান্তি ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দুইদিনব্যাপী এই বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘটে।
এ.আই.এল/সকালবেলা