ভৈরবে বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষিজমি, সহায়তা চান কৃষকরা

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ণ
ভৈরবে বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষিজমি, সহায়তা চান কৃষকরা

খোরশেদ আলম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জোয়ানশাহী হাওরে অতিবৃষ্টির ফলে বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ধান কাটার ভরা মৌসুমে এই আকস্মিক দুর্যোগে চরম বিপাকে পড়েছেন কয়েক হাজার কৃষক। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

গত কয়েকদিনের ভারী বর্ষণে উপজেলার শ্রীনগর, আগানগর ও সাদেকপুর ইউনিয়ন সংলগ্ন জোয়ানশাহী হাওরের প্রায় সাড়ে তিন হাজার একর ফসলি জমি এখন পানির নিচে। স্থানীয় কৃষকদের মতে, প্রতি একরে যেখানে ৪৫ থেকে ৫০ মণ ধান উৎপাদনের সম্ভাবনা ছিল, সেখানে এখন মাঠভরা ধানগাছ পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। হাওরের কোথাও হাঁটু সমান আবার কোথাও বুক সমান পানি জমে থাকায় ধান কাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে তীব্র শ্রমিক সংকট। বর্তমান বাজারে একজন শ্রমিকের মজুরি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় দাঁড়িয়েছে, যা সাধারণ কৃষকদের নাগালের বাইরে। উপায় না পেয়ে মধু মিয়া, ইকবাল মিয়াসহ অনেক কৃষক নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বুক সমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. মামুনুর রশীদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করার কাজ শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে দ্রুত প্রয়োজনীয় সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন