আহমেদ লিওন, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় ভ্যান উল্টে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই নারী ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কৈডুবি সদরদী (বাস্তোখোলা) এলাকার ইব্রাহিম মাতুব্বরের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে কৈডুবি সদরদী এলাকায় হঠাৎ কয়েকটি কুকুর রাস্তার ওপর দৌড়ে আসে। এসময় একটি কুকুর ভ্যানের নিচে পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ভ্যানটি উল্টে যায়। দুর্ঘটনায় ভ্যানে থাকা কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে ইব্রাহিম মাতুব্বরের স্ত্রী গুরুতর আঘাত পান।
আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ.আই.এল/সকালবেলা