মো: কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে আইসিটি ও শারীরিক শিক্ষার মতো বিষয়ের পরীক্ষার অজুহাতে শিক্ষার্থীপ্রতি ২০০ টাকা করে নেওয়া হচ্ছে।
অভিভাবকদের দাবি, সরকারি ফির বাইরে এই বাড়তি টাকা আদায় বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ পরিবারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী সরকার অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে জানান, পরীক্ষা পরিচালনার খরচ মেটাতেই এই অর্থ সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস জানিয়েছেন, নির্ধারিত ফির বাইরে টাকা নেওয়ার বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। স্থানীয়রা এই অনিয়ম তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা