মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ব্যাপক রদবদল

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ব্যাপক রদবদল

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরপরই নিজেদের পরিষদীয় দলে বড় ধরনের রদবদল এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিরোধী আসনে বসে আগামী দিনে আরও সংগঠিত ও আক্রমণাত্মকভাবে লড়াই চালাতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন রাজ্যের সাবেক কৃষিমন্ত্রী ও বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিজেপি সরকারকে চাপে রাখাই তৃণমূলের মূল লক্ষ্য। এছাড়া বিরোধী ডেপুটি লিডার হিসেবে মনোনীত হয়েছেন অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়। বিধানসভার চিফ হুইপ বা মুখ্য সচেতকের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

পরিষদীয় দলের পাশাপাশি প্রশাসনিক স্তরেও পরিবর্তন আনা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে সরিয়ে দার্জিলিংয়ের বিজনবাড়িতে বদলি করা হয়েছে।

গত ৪ মে ঘোষিত ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজেপি। অন্যদিকে, গত তিনবারের শাসক দল তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে বাধ্য হয়েছে। এই নতুন পরিস্থিতির কথা মাথায় রেখেই অভিজ্ঞ নেতাদের সামনে এনে সংসদীয় লড়াইয়ের ছক কষছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মন্তব্য করুন