মাকে ভালোবাসা জানানোর দিন আজ

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ
মাকে ভালোবাসা জানানোর দিন আজ

মায়ের জন্য ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনক্ষণ মানে না; এটি অনাবিল ও চিরন্তন। তবুও বছরের একটি বিশেষ দিন যদি পৃথিবীর সব মায়ের জন্য উৎসর্গ করা হয়, তবে ক্ষতি কী! আজ সেই বিশেষ দিন—বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় এই দিবসটি। বাংলাদেশেও আজ নানা আয়োজনে শ্রদ্ধা ও মমতায় দিনটি পালন করা হচ্ছে।

মা দিবসের বর্তমান ধারণাটি এক দীর্ঘ সংগ্রামের ফসল। প্রাচীন গ্রিসে দেবতাদের মা ‘রিয়া’-র উদ্দেশ্যে উৎসব পালনের মধ্য দিয়ে মাতৃত্বকে সম্মান জানানোর বীজ রোপিত হয়েছিল। পরবর্তীতে সপ্তদশ শতকে ব্রিটেনে ‘মাদারিং সানডে’ পালিত হতো। তবে আধুনিক মা দিবসের প্রবর্তক ধরা হয় মার্কিন সমাজকর্মী অ্যানা জার্ভিসকে।

১৯০৫ সালে মা অ্যান জার্ভিসের মৃত্যুর পর তাঁর স্বপ্ন পূরণে মেয়ে অ্যানা জার্ভিস আন্দোলন শুরু করেন। তাঁর উদ্দেশ্য ছিল বছরের অন্তত একটি দিন যেন মায়েরা বিশেষ সম্মান পান। তাঁর নিরলস প্রচেষ্টায় ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে রাষ্ট্রীয়ভাবে ‘মা দিবস’ ও ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। ১৯২০ সাল নাগাদ এই ধারণা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

মা শব্দের মাঝে জড়িয়ে আছে জন্ম, নিরাপত্তা, আত্মত্যাগ ও অস্তিত্বের গল্প। পৃথিবীর সব ধর্মে এবং সাহিত্যে মাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ মর্যাদা। সন্তানের জন্য নিজের সবটুকু বিলিয়ে দেওয়া একমাত্র নিঃস্বার্থ মানুষটিই হলেন মা। সভ্যতার যত বিবর্তনই হোক না কেন, মায়ের অকৃত্রিম মমতার গল্পটি সব সময় অমলিন থাকবে।

আজকের এই দিনে পৃথিবীর সব মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন