মিরপুর টেস্টে অভিষেক ইনিংসটাকেই স্মরণীয় করে রাখলেন পাকিস্তানের তরুণ ওপেনার আজান আওয়াইস। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেই তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। আজ রবিবার (১০ মে) টেস্টের তৃতীয় দিনের শুরুতে নাহিদ রানার বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটার।
দ্বিতীয় দিন ৮৫ রানে অপরাজিত থেকে আজ সকালে ব্যাটিং শুরু করেন আওয়াইস। বাংলাদেশের বোলাররা দ্রুত উইকেটের খোঁজে মরিয়া থাকলেও অসাধারণ ধৈর্য আর নিখুঁত শট সিলেকশনে সব চাপ সামলে নেন তিনি। তাঁর এই সেঞ্চুরির ওপর ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে পাকিস্তান।
আওয়াইসের সেঞ্চুরির পরের বলেই আব্দুল্লাহ ফজল সিঙ্গেল নিলে পাকিস্তানের দলীয় রান ২০০ পার হয়। ৫১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ২০০ রান। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছিল।
মিরপুরের রোদ ঝলমলে কন্ডিশনে ব্যাটিং সহায়ক উইকেটে খুব একটা সুবিধা করতে পারছেন না বাংলাদেশের বোলাররা। উল্টো ফিল্ডিংয়ে দুর্বলতা স্বাগতিকদের আরও চাপে ফেলেছে। সেঞ্চুরিয়ান আজান আওয়াইসের পাশাপাশি আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজলও ফিফটির পথে রয়েছেন। এখন এই বড় জুটি ভাঙাই হবে টাইগারদের প্রধান লক্ষ্য।
জান্নাত/সকালবেলা