সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর তথ্য ও নথিপত্র যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ রবিবার (১০ মে) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত হওয়ার আগে প্রার্থীদের পূর্ব কার্যকলাপ এবং দাখিলকৃত নথিপত্রের সত্যতা যাচাই করা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর প্রত্যেকের বিষয়ে পুলিশি তদন্ত (Police Verification) সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশি তদন্তের পাশাপাশি প্রার্থীদের জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য ডকুমেন্টস বা নথিপত্রের সঠিকতাও কঠোরভাবে যাচাই করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই বিশাল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই ভেরিফিকেশন বা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
জান্নাত/সকালবেলা