করতোয়ার তীরে জুয়ার আসর, এলাকাবাসীর ক্ষোভ

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ণ
করতোয়ার তীরে জুয়ার আসর, এলাকাবাসীর ক্ষোভ

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামে করতোয়া নদীর তীরে তাবু টাঙিয়ে দীর্ঘ দিন ধরে চলছে লক্ষ-কোটি টাকার জমজমাট জুয়ার আসর। পুলিশের অভিযান সত্ত্বেও মূল গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, নদীর দুর্গম চর এলাকায় তাবু টাঙিয়ে প্রতিদিন দুপুরের পর থেকেই জুয়ার আসর বসে। রংপুর, গাইবান্ধা ও বগুড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে পেশাদার জুয়াড়িরা এখানে জড়ো হন। আসরটিকে ঘিরে একটি শক্তিশালী 'লাইনম্যান' সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা প্রশাসনের গতিবিধির ওপর নজর রাখে। ফলে পুলিশ আসার আগেই মূল হোতারা সটকে পড়তে সক্ষম হয়।

দীর্ঘদিন ধরে চলা এই জুয়ার আসরের কারণে এলাকায় মাদকের বিস্তার, চুরি ও ছিনতাই আশঙ্কাজনকভাবে বেড়েছে। এলাকার তরুণ সমাজ বিপথে যাচ্ছে এবং স্থানীয় কেউ প্রতিবাদ করলে সিন্ডিকেটের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আসরটি তিন থানার সীমান্তবর্তী দুর্গম চরে হওয়ায় অভিযানে গেলেই জুয়াড়িরা সীমানা পরিবর্তনের সুবিধা নেয়। ঘোড়াঘাট ও পীরগঞ্জ থানার সমন্বয়ে যৌথ অভিযানের বিষয়ে আলোচনা চলছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবানা তানজিম জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং জেলা প্রশাসকের সাথে কথা বলে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন