তুরস্কে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ণ
তুরস্কে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিতব্য ‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে গেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রবিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরকালে প্রতিমন্ত্রী তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং প্রশিক্ষণ বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

বাংলাদেশের ফুটবলের মানোন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা নিতে তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন আমিনুল হক। এছাড়া ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার বিষয়টি গুরুত্ব পাবে।

সফরে তুরস্কের ক্ষমতাসীন দল ‘একে পার্টি’-র প্রতিনিধিদের সঙ্গেও প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। প্রতিমন্ত্রী আমিনুল হক আশা প্রকাশ করেন, এই সফর ওআইসি সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সফর শেষে আগামী ১৪ মে প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন