নিজস্ব প্রতিবেদক: প্রজাতন্ত্রের প্রতিটি পয়সার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সরকারের বিভিন্ন বিভাগ ও প্রকল্পের অডিট রিপোর্ট পেশকালে তিনি এ কথা বলেন।
এদিন সরকারের ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর ও প্রকল্পের ওপর প্রস্তুতকৃত মোট ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
রিপোর্ট পেশকালে মহাহিসাব-নিরীক্ষক মো. নূরুল ইসলাম বলেন, “গণমানুষের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব।
প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই ৩৮টি রিপোর্টে বিভিন্ন অডিট পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যে, সরকারি অর্থের প্রতিটি পয়সার হিসাব যেন যথাযথ থাকে এবং কোনোভাবেই অপচয় না হয়।”
তিনি আরও জানান, এই রিপোর্টগুলো মহান জাতীয় সংসদে উপস্থাপনের মাধ্যমে জনগণের কাছে সরকারের ব্যয়ের স্বচ্ছতা প্রমাণিত হবে।
প্রধানমন্ত্রী অডিট রিপোর্টগুলো গ্রহণ করে সরকারি ব্যয়ে মিতব্যয়ী হওয়া এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।