নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন অথবা ভারত সফরে যেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী জুনে চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে। বর্তমানে দুই দেশের সরকারপ্রধানদের সুবিধাজনক সময়ের সঙ্গে সমন্বয় করে এই সফরসূচি চূড়ান্ত করার কাজ চলছে।”
তিস্তা মহাপরিকল্পনা এবং নিজের চীন সফর নিয়ে খলিলুর রহমান জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ‘তিস্তা মহাপরিকল্পনা’ নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে। তিনি উল্লেখ করেন, এই প্রকল্পটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অঙ্গীকার রয়েছে।
পশ্চিমবঙ্গের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ‘পুশইন’ (অবৈধভাবে সীমান্ত দিয়ে পুশ করা) আশঙ্কা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কড়া বার্তা দেন। তিনি একটি গণমাধ্যমকে বলেন, যদি এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তবে বাংলাদেশও হাত গুটিয়ে বসে থাকবে না এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি বলেন, “এ ধরনের চুক্তিতে শুধু বাংলাদেশ নয়, অনেক দেশই যুক্ত হয়েছে। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ এক্ষেত্রে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।”
উল্লেখ্য, বেইজিং সফরে দুই দেশের অমীমাংসিত বিভিন্ন ইস্যু ও বিনিয়োগের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।
আরএম/