রাসেল শেখ, মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচরে অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল হয়ে উঠেছে ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’। নদীভাঙন কবলিত ও অবহেলিত এই জনপদে স্ট্রোকজনিত প্যারালাইসিসে আক্রান্ত রোগী এবং প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসন সেবা দিয়ে প্রতিষ্ঠানটি মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
২০২৩ সালে সভারঞ্জন শিকদারের উদ্যোগে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে বিনামূল্যে আধুনিক ফিজিওথেরাপি, খাদ্য সহায়তা, আবাসন এবং প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভারঞ্জন শিকদার নিজের অদম্য ইচ্ছাশক্তি ও ত্যাগের মাধ্যমে এটিকে একটি পূর্ণাঙ্গ সেবাকেন্দ্রে পরিণত করেছেন।
প্রতিষ্ঠানের মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় বাসিন্দা উত্তম বিশ্বাস, গৌতম বিশ্বাস ও সুমন বৈরাগী তাঁদের দখলকৃত ৩০ শতাংশ জমি ও বসতঘর প্রতিষ্ঠানটির নামে দান করেছেন। বর্তমানে এই জায়গাটি সরকারি প্রক্রিয়ায় স্থায়ী বরাদ্দের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। সভারঞ্জন শিকদার জানান, স্থায়ী বরাদ্দ পেলে এখানে একটি পূর্ণাঙ্গ ‘কমিউনিটি হাসপাতাল’ গড়ে তোলা সম্ভব হবে।
চিকিৎসা নিতে আসা কামাল শেখ ও মেরী বিশ্বাস আবেগাপ্লুত কণ্ঠে জানান, সভারঞ্জন শিকদার তাঁদের কাছে আশীর্বাদস্বরূপ। এখানে চিকিৎসা ও খাবারের পাশাপাশি রোগীদের যাতায়াত ভাড়াও অনেক সময় তিনি নিজে বহন করেন। তবে জরুরি রোগীদের দ্রুত যাতায়াতের জন্য একটি অ্যাম্বুলেন্সের তীব্র প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সেবাগ্রহীতা জোসনা পান্ডে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে আসা ভলান্টিয়ার ডো ইল কিম এবং ইউন জং বেক প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। বর্তমানে এখানে অর্থোপেডিক, নিউরোলজিক্যাল ও পেডিয়াট্রিকসহ বিভিন্ন বিশেষায়িত ফিজিওথেরাপি সেবা প্রদান করা হচ্ছে।
এ.আই.এল/সকালবেলা