আওয়ামী এমপিসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ণ
আওয়ামী এমপিসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টমটম চালক মোঃ সবুজ হত্যা মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী সাবেক দুই সংসদ সদস্যসহ ১২৪ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের আদেশ দিয়েছেন।

২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে টমটম চালক মোঃ সবুজ নিহত হন। এই ঘটনায় ওই বছরের ১৩ আগস্ট নিহতের ভাই মোঃ ইউছুফ বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া ২৪টি মামলার মধ্যে এটিই প্রথম, যার বিচার প্রক্রিয়া শুরু হলো।

মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল এবং সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ মোট ১২৪ জন এই চার্জশিটভুক্ত আসামি।

গত বছরের ৯ ডিসেম্বর তদন্ত শেষে ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। বর্তমানে এই মামলায় ৪৪ জন আসামি গ্রেফতার রয়েছেন, যাদের মধ্যে ৭ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার পলাতক ৭১ জন আসামির বিরুদ্ধে ইতিপূর্বেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন