জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি এই দাবি জানিয়ে বলেন, দেশের ইতিহাসে এটি একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়।
সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে নির্মম অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল এবং এটি মানবতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি একটি জঘন্যতম ঘটনা।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।
বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে কাম্য হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারকে দমন করতে শক্তি প্রয়োগ কখনোই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।