নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে এবং মানবিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক তহবিল বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৫ মে ২০২৬) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক অর্থায়নের চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও কেবল মানবিক দিক বিবেচনা করে ১১ লক্ষাধিক রোহিঙ্গাকে দীর্ঘ সময় ধরে আশ্রয় দিয়ে আসছে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগের।”
তিনি স্পষ্ট করে বলেন, এই বিপুল জনগোষ্ঠীর মৌলিক চাহিদা ও জীবনমান বজায় রাখতে আন্তর্জাতিক তহবিল বৃদ্ধি করা এখন সময়ের দাবি।
ক্যাম্পের পরিধি বাড়ানোর বিষয়ে বাংলাদেশের ভূ-প্রাকৃতিক সীমাবদ্ধতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিদ্যমান আর্থ-সামাজিক ও ভৌগোলিক বাস্তবতায় রোহিঙ্গা ক্যাম্পগুলোর আয়তন বৃদ্ধি করা কোনোভাবেই সম্ভব নয়। এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করা।
বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতি এবং চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, “গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরাইল-ইরানের মতো বড় ধরনের আন্তর্জাতিক ইস্যুগুলোর কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব সম্প্রদায়ের নজরের বাইরে চলে না যায়।” তিনি রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আলোচনার মূল এজেন্ডায় টিকিয়ে রাখতে জাতিসংঘ ও ইউএনএইচসিআর-কে আরও জোরালো ও দৃশ্যমান ভূমিকা রাখার অনুরোধ জানান।
বৈঠকে ইউএনএইচসিআর প্রতিনিধি ইভো ফ্রেইসেন আগামী ২০ মে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ (JRP) উপস্থাপনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সালাহউদ্দিন আহমদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।