ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয়ের পর এবার সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী তথা রবীন্দ্র জয়ন্তীর দিনেই রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। সংশ্লিষ্ট দলীয় ও সরকারি সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
বিজেপি নেতারা মনে করছেন, রবীন্দ্র জয়ন্তীর এই বিশেষ দিনটিকে বেছে নেওয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে এক নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক সূচনার বার্তা দেওয়া সম্ভব হবে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই তারিখের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হবে।”
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নির্বাচনী প্রচারণার শেষ দিকে এমন একটি ইঙ্গিত দিয়েছিলেন। ব্যারাকপুরের এক জনসভায় তিনি বলেছিলেন, ৪ মে নির্বাচনী ফলাফল প্রকাশের পর তিনি আবারও বাংলায় ফিরবেন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে। গত সোমবার নির্বাচনের ঐতিহাসিক ফলাফল প্রকাশের পর নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে দেওয়া ভাষণে মোদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্ত যেথা ভয়শূন্য’ কবিতার পঙ্ক্তি উল্লেখ করে বাংলায় একটি ভয়হীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে ভারতের নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ মঙ্গলবার (৫ মে) দিল্লি থেকে কলকাতায় পৌঁছাবেন। প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশি এবং সেক্রেটারি সুজিত কুমার মিশ্র চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রধান নির্বাচন কর্মকর্তা মনোজ কুমার আগরওয়ালের কাছে হস্তান্তর করবেন।
পরবর্তী ধাপ হিসেবে আগামী ৬ মে প্রধান নির্বাচন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে রাজ্যপাল আর এন রবিকে নির্বাচনের ফলাফল সম্পর্কে অবহিত করবেন। এরপর সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাজ্যপাল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের আহ্বান জানাবেন। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করা হতে পারে বলে জানা গেছে।
বিজেপির এই জয়কে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক বিশাল পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রবীন্দ্র জয়ন্তীর পুণ্যলগ্নে নতুন সরকারের অভিষেকের মধ্য দিয়ে দলটি তাদের ‘সোনার বাংলা’ গড়ার স্লোগানকে নতুন মাত্রায় নিয়ে যেতে চাইছে।