এক বছরের মধ্যে সব স্তরে স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল

রকিব মুহাম্মদ
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
এক বছরের মধ্যে সব স্তরে স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। 

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম বলেন, “বর্তমান সরকার চায় সাধারণ মানুষের দোরগোড়ায় গণতন্ত্রের সুফল পৌঁছে দিতে। সেই লক্ষ্যেই আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব কটি ধাপের নির্বাচন শেষ করার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।”

ডিসিদের সঙ্গে আলোচনার বিষয়ে মন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের শক্তিশালী স্তম্ভ। এই প্রতিষ্ঠানগুলো যত বেশি শক্তিশালী হবে, দেশের সামগ্রিক রাষ্ট্রকাঠামো ও গণতন্ত্র ততটাই সুসংহত হবে। তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সাধারণ জনগণকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

বিগত ১৬ বছরের শাসনের সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী অভিযোগ করেন, এই দীর্ঘ সময়ে স্থানীয় সরকার খাতে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তিনি বলেন, “রাস্তাঘাট, পানি সরবরাহ ও প্রাথমিক শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলোতে দুর্নীতির যে চিত্র আমরা পেয়েছি, তা অত্যন্ত ভয়াবহ। অবকাঠামোগত উন্নয়নের এই ক্ষতি কাটিয়ে উঠতে মন্ত্রণালয় প্রতিটি অভিযোগ নিবিড়ভাবে তদন্ত করবে।” ভবিষ্যতে যেন এই ধরনের দুর্নীতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘ভিশন’ ও উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এই ধরনের নিয়মিত মতবিনিময় সরকারের কাজকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন