‘স্পোর্টস ডিপ্লোমেসি’ করবেন জাইমা রহমান

রকিব মুহাম্মদ
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
‘স্পোর্টস ডিপ্লোমেসি’ করবেন জাইমা রহমান

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এক অনন্য কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই ‘স্পোর্টস ডিপ্লোমেসি’ বা ক্রীড়া কূটনীতি কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

গত ৩ মে (রবিবার) রাজধানীর মতিঝিলে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাইমা রহমানের মতো তরুণ নেতৃত্বের অংশগ্রহণ দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় অনুপ্রেরণা হবে এবং এর মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত করা সম্ভব হবে।

এই পরিকল্পনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতিমধ্যে একটি পৃথক ‘স্পোর্টস উইং’ বা ক্রীড়া শাখা চালু করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কার্যক্রমের তদারকি করছে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশের খেলাধুলার অবকাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, জিয়া পরিবার ঐতিহাসিকভাবেই ক্রীড়ানুরাগী এবং এই পরিবারের সদস্যদের সম্পৃক্ততা ক্রীড়াঙ্গনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় ফুটবল দলের জন্য দক্ষ কোচ নিয়োগের ক্ষেত্রে বাফুফে যদি কোনো আর্থিক সংকটে পড়ে, তবে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।

এছাড়া কক্সবাজারে ফিফার টেকনিক্যাল সেন্টার নির্মাণে দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। তৃণমূল পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের পথ সুগম করতে সরকার জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রীড়া উপযোগী পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

মন্তব্য করুন